Image description

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় শুরু হওয়া ইরান যুদ্ধের প্রায় দুই সপ্তাহে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির আশপাশে অন্তত ১৬টি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। এর মধ্যে গত কয়েক ঘণ্টায়ই অন্তত ছয়টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা যুদ্ধের তীব্রতা আরও বাড়িয়ে তুলেছে।

বন্দর কর্তৃপক্ষ, সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ও রিস্ক ফার্মগুলো জানিয়েছে, বুধবার ও বৃহস্পতিবার সকালে পারস্য উপসাগরে চারটি বাণিজ্যিক জাহাজ উড়ে আসা বস্তু বা প্রজেক্টাইলের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া বুধবার রাতে ইরাকের জলসীমায় দুটি জ্বালানিবাহী ট্যাংকারে বিস্ফোরক ভর্তি নৌকা (সম্ভবত ইরান-সংশ্লিষ্ট) হামলা চালায়, ফলে জাহাজ দুটিতে ব্যাপক আগুন ধরে যায়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও তাদের মিত্রদের সম্পর্ক রয়েছে। এতে মার্কিন-ইসরায়েলি বাহিনী ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

হরমুজ প্রণালি প্রায় বন্ধ: ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বের তেল সরবরাহের এক-পঞ্চমাংশ (প্রায় ২০%) পরিবহনের এই সংকীর্ণ প্রণালি প্রায় স্থবির হয়ে পড়েছে। জাহাজ চলাচলের তীব্র হ্রাসের ফলে বিশ্ববাজারে তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ইরানের রেভল্যুশনারি গার্ড (IRGC) হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানে হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো থেকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের অংশীদার দেশগুলোতে “এক লিটার তেলও” সরবরাহ করতে দেওয়া হবে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইরান যদি তেল রপ্তানিতে বাধা দেয় তাহলে দেশটির ওপর “কঠিন আঘাত” হানা হবে। তিনি আরও বলেন, ইরানের নৌবাহিনী প্রায় শেষ হয়ে যাওয়ায় তেল কোম্পানিগুলোর এই প্রণালি ব্যবহার করা উচিত।

সর্বশেষ হামলার বিবরণ: বুধবার গভীর রাতে ইরাকের কাছে পারস্য উপসাগরে দুটি ট্যাংকারে হামলা হয়— একটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী সাফেসিয়া বিঞ্চু (Safesea Vishnu) এবং অপরটি মাল্টার পতাকাবাহী জেফিরোস (Zefyros)। দুটি জাহাজই ইরাক থেকে জ্বালানি পণ্য বোঝাই করেছিল এবং ইরাকের জলসীমায় হামলার শিকার হয়।

ইরাকের বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পর ইরাকের তেল বন্দরগুলোর কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে (শুধু বাণিজ্যিক বন্দর চালু রয়েছে)। ইরাকের একটি নৌকা দুই ট্যাংকারের ২৫ জন ক্রু সদস্যকে উদ্ধার করেছে। তল্লাশি অভিযানে একজন বিদেশি ক্রুর মরদেহ উদ্ধার হয়েছে।

সাফেসিয়া বিঞ্চু যুক্তরাষ্ট্রভিত্তিক সাফেসিয়া গ্রুপের মালিকানাধীন। জেফিরোস যুক্তরাজ্যভিত্তিক সিগনাস ট্যাংকার লিমিটেড ও গ্রিসের সঙ্গে যুক্ত। উভয় কোম্পানিই হামলার বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করেনি। একই দিন হরমুজ প্রণালির আশপাশে আরও তিনটি পণ্যবাহী জাহাজে হামলা হয় এবং বৃহস্পতিবার ভোরে আরেকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়।