Image description

লালমনিরহাটের আদিতমারীতে স্বপ্না বেগম (৪৮) নামে এক স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণটারী গ্রামে নিহতের ভগ্নিপতির বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্বপ্না বেগম ওই এলাকার মৃত নজমল হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় ২০ বছর আগে স্বামীর সঙ্গে স্বপ্নার বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকে তিনি ঢাকায় থাকতেন এবং মাঝে মধ্যে বাবার বাড়িতে আসতেন। গত চার দিন আগে তিনি ঢাকা থেকে গ্রামে ফেরেন। বাবার বাড়ি সংলগ্ন ভগ্নিপতি নান্নু সরকারের ‘স্বচ্ছ মঞ্জিল’ নামের বাড়িটি খালি থাকায় স্বপ্না সেখানেই অবস্থান করছিলেন।

শনিবার রাতে প্রাচীর ঘেরা ওই বাড়িতে স্বপ্না একা ঘুমাতে যান। পরদিন সকালে তার কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা ওই বাড়িতে গিয়ে মেইন গেট খোলা দেখতে পান। ভেতরে ঢুকে স্বপ্নার বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখে তারা তাৎক্ষণিক পুলিশে খবর দেন। নিহতের শরীরের অবস্থা দেখে স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা রাতে দেয়াল টপকে ভেতরে ঢুকে তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে।

খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, "মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

মানবকণ্ঠ/ডিআর