Image description

রাজধানীর মৌচাক এলাকায় রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার রাতে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে এই নৃশংস ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, বিল্লাল হোসেন তালুকদার কোনো একটি স্থানীয় সালিশ বৈঠকে অংশ নেওয়ার জন্য রাতে মৌচাক এলাকায় গিয়েছিলেন। সেখানে বৈঠক চলাকালীন কোনো একটি বিষয় নিয়ে উপস্থিত অন্যদের সাথে চরম বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাকে লক্ষ্য করে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

রাজনৈতিক এই নেতার হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় থানা পুলিশ।

মানবকন্ঠ/আরআই