Image description

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

সোমবার(১১ মে) সকাল ছয়টার দিকে ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকার এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন; অটো রিক্সা চালক আব্দুল কাদের (৫০), তার ছেলে মোহাম্মদ মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব(১৬) ।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. ফারুক বলেন, সকাল ৬টার দিকে আমরা বিকট শব্দ শুনে বাসায় গিয়ে দেখতে পাই দগ্ধ অবস্থায় বাবা-ছেলেরা ঝলসে গেছে। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসলে চিকিৎসক তাদেরকে ভর্তি রাখেন। আব্দুল কাদের পেশায় অটো রিক্সা চালক। তিনি তিন ছেলে ও স্ত্রীকে নিয়ে সেখানে ভাড়া বাসায় বসবাস করতেন।

তিনি আরও বলেন, সকালে আব্দুল কাদেরের স্ত্রী গৃহস্থালি কাজের জন্য ঘরের বাইরে ড্রামে পানি ভরার কাজে ব্যস্ত ছিলেন। এ কারণে তার কোন ক্ষতি হয়নি। তবে ওই সময় আব্দুল কাদের ও তার তিন ছেলে ঘরের ভেতরে ছিল। যে কারণে তারা দগ্ধ হয়েছে। তবে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে নাকি গ্যাস লিকেজ  থেকে বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত নই। তবে শুনেছি ফ্রিজটি এখনো অক্ষত অবস্থায় রয়েছে।

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জের ফতুলা থেকে  দগ্ধ হয়ে চারজন এসেছে। তাদের মধ্যে আব্দুল কাদেরের ৫৭ শতাংশ দগ্ধ, তার তিন ছেলে মেহেদির ১৮ শতাংশ দগ্ধ, সাকিবের ১৭ শতাংশ দগ্ধ, রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে ভর্তি রাখা হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন,‘প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তদন্তের পর নিশ্চিত করে বিস্তারিত বলা সম্ভব হবে।