ময়মনসিংহে ঈদ যাত্রার আন্তঃনগর ‘অগ্নিবীনা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। পরে প্রায় এক ঘণ্টা বিলম্বে বিকল্প ইঞ্জিনে ট্রেনটি তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে যায়।
রোববার (২৪ মে) বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তঃনগর অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পরপরই হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে চারদিকে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। এসময় ট্রেনের চালক, পরিচালক ও রেলওয়ে কর্মীদের তাৎক্ষণিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুনের তীব্রতায় ট্রেনের ইঞ্জিনটি পুরোপুরি বিকল হয়ে পড়ে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ইঞ্জিনটি অকেজো হয়ে পড়ায় এক ঘণ্টা পর বিকল্প আরেকটি ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, যান্ত্রিক ত্রুটির কারণে স্টেশনের একটি লাইন কিছু সময়ের জন্য ব্লক হয়ে গেলেও অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছিল। তবে ঈদ যাত্রার এই সময়ে তীব্র গরমে ট্রেনের ভেতরে ও স্টেশনে অবস্থান করা যাত্রীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments