Image description

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির ঘোষিত বিশেষ সাধারণ ক্ষমার আওতায় চুয়াডাঙ্গা জেলা কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি আব্দুল মালেক (৫২) মুক্তি পেয়েছেন। চুয়াডাঙ্গা বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতে একটি হত্যা মামলায় দীর্ঘ ১১ বছর কারাভোগের পর গতকাল রবিবার (২৪ মে) সন্ধ্যায় তিনি কারামুক্ত হন।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার মনির হোসেন জানান, এবারের ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় সারাদেশে চারজন সাজাপ্রাপ্ত কয়েদির অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে। এদের মধ্যে চুয়াডাঙ্গা শহরের বুজরুক গড়গড়ি মাদ্রাসাপাড়ার মৃত মোন্তাজ মালিতার ছেলে আব্দুল মালেক (কয়েদি নম্বর ২৩০৫/এ) একজন।

নথি অনুযায়ী, আব্দুল মালেক ২০০৭ সালের একটি হত্যা মামলায় (জিআর নং ১৯৬/২০০৭) যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন। রাষ্ট্রপতির ক্ষমার আওতায় তার অবশিষ্ট সাজা মওকুফের আদেশসংবলিত কাগজপত্র গতকাল বিকেলে ই-মেইলের মাধ্যমে কারাগারে পৌঁছায়। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

কারাফটকে তাকে গ্রহণ করতে স্বজনরা উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় পর তাকে কাছে পেয়ে পরিবারে বইছে আনন্দের বন্যা।

এদিকে মুক্তিপ্রাপ্ত আব্দুল মালেককে জেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে একটি লুঙ্গি ও একটি পাঞ্জাবি উপহার দেওয়া হয়েছে। এছাড়া কারা কর্তৃপক্ষ তার অনাদায়ী পাঁচ হাজার টাকার অর্থদণ্ড নিজস্ব তহবিল থেকে পরিশোধ করেছে এবং পুনর্বাসন সহায়তা হিসেবে তাকে নগদ এক হাজার টাকা প্রদান করেছে।

মানবকণ্ঠ/ডিআর