২০২৬ ফিফা বিশ্বকাপের উন্মাদনায় নতুন মাত্রা যোগ করলেন পপসম্রাজ্ঞী শাকিরা এবং নাইজেরিয়ান সংগীত তারকা বার্না বয়। ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর সমর্থনে বিশ্বকাপের অফিশিয়াল গান হিসেবে মুক্তি পেয়েছে তাদের নতুন ট্র্যাক ‘দাই দাই’। গানটি মুক্তি পাওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ও ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
মিয়ামিতে চিত্রায়িত এবং বিখ্যাত পরিচালক হান্না লাক্স ডেভিস পরিচালিত এই মিউজিক ভিডিওটির সবচেয়ে বড় চমক হলো বিশ্ব ফুটবলের একঝাঁক মহাতারকার উপস্থিতি। ভিডিওতে শাকিরার সাথে স্ক্রিন শেয়ার করেছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড, হ্যারি কেন, ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগোর মতো ফুটবলাররা। এছাড়াও উগান্ডার বিখ্যাত এনজিও ‘ঘেটো কিডস’-এর শিশুদের উপস্থিতি ভিডিওটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে। ভিডিওর একটি অংশে মেক্সিকো সিটির ঐতিহাসিক ‘আনহেল দে লা ইনদেপেন্দেনসিয়া’-এর চূড়ায় শাকিরাকে দেখা যায়।
এই গানের একটি মহৎ উদ্দেশ্যও রয়েছে। ‘দাই দাই’ গানটি মূলত ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর অফিশিয়াল অ্যান্থেম। যার লক্ষ্য ২০২৬ সালের মধ্যে ১০০ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করা, যা বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে ব্যয় হবে। শাকিরা এই গান থেকে প্রাপ্ত তার সমস্ত রয়্যালটি এই তহবিলে দান করার ঘোষণা দিয়েছেন। এছাড়া সনি মিউজিক ২.৫ লাখ ডলার অনুদানের পাশাপাশি শাকিরার আসন্ন ট্যুরের প্রতিটি টিকিট থেকে ১ ডলার করে এই ফান্ডে জমা হবে।
সংবাদটির আরেকটি বিশেষ দিক হলো আগামী ১৯ জুলাই ফিফা বিশ্বকাপের ফাইনাল। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো যুক্ত হতে যাওয়া ‘হাফটাইম শো’-তে ম্যাডোনা এবং বিশ্বখ্যাত কোরিয়ান ব্যান্ড ‘বিটিএস’-এর সাথে প্রধান শিল্পী হিসেবে মঞ্চ মাতাবেন শাকিরা। সেখানে বার্না বয়কে সাথে নিয়ে ‘দাই দাই’ গানটি লাইভ পরিবেশন করবেন এই পপ তারকা।
মানবকণ্ঠ/আরআই




Comments