পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (কেপি) ও পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৫.৬ মাত্রার এই কম্পনে রাজধানী ইসলামাবাদ ও পেশোয়ারসহ বেশ কিছু বড় শহর কেঁপে ওঠে। ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে এবং এর গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৭৩ কিলোমিটার।
ভূমিকম্পের সময় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। কেপি প্রদেশের মালাকান্দ, লোয়ার দির, হাঙ্গু, কোহাট, বাজাউর ও সোয়াত অঞ্চলেও তীব্র কম্পন অনুভূত হয়েছে। তবে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভৌগোলিক অবস্থানের কারণে পাকিস্তান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ একটি অঞ্চল। দেশটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এখানে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূকম্পন ঘটে থাকে। ইতিপূর্বে ২০০৫ সালে আজাদ কাশ্মীরে ভয়াবহ এক ভূমিকম্পে ৭৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০২১ সালে বেলুচিস্তানের হারনাই এলাকায় ভূমিকম্পে ২০ জন নিহত হন।
সাম্প্রতিক সময়েও দেশটিতে কম্পন অব্যাহত রয়েছে। চলতি বছরের ১৯ জানুয়ারি ইসলামাবাদ ও সোয়াতসহ বেশ কিছু অঞ্চলে ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের পার্বত্য ও দুর্গম এলাকাগুলোতে দুর্যোগ পরবর্তী উদ্ধার অভিযান চালানো বেশ কঠিন, তাই জানমালের ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কতা ও প্রস্তুতি বাড়ানো অত্যন্ত জরুরি।
সূত্র: জিও নিউজ
মানবকণ্ঠ/আরআই




Comments