ইরানে ফের হামলা হলে নেতানিয়াহুকে ‘একাই সামলাতে’ হবে, ট্রাম্পের সতর্কবার্তা
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এক কঠোর সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েল যদি আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তবে অদূর ভবিষ্যতে তাকে সম্পূর্ণ একাই সেই লড়াই চালিয়ে যেতে হতে পারে।
সোমবার (৮ জুন) মার্কিন সংবাদমাধ্যম *অ্যাক্সিওস*-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি নেতানিয়াহুকে বলেছি—তোমাকে সতর্ক থাকতে হবে, নইলে খুব শিগগিরই তুমি একা হয়ে যাবে।” একই দিনে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প উভয় পক্ষকে অবিলম্বে সব ধরনের হামলা ও গোলাগুলি বন্ধের আহ্বান জানান। সেখানে তিনি উল্লেখ করেন, “শান্তির লক্ষ্যে চূড়ান্ত আলোচনা চলবে, যদি না অজ্ঞতা বা নির্বুদ্ধিতা এতে বাধা হয়ে দাঁড়ায়।”
গত রবিবার বৈরুতে ইসরায়েলের এক প্রাণঘাতী বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জবাবে ইরান উত্তর ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রবিবার সন্ধ্যায় ট্রাম্প ফোনে নেতানিয়াহুকে পাল্টা হামলা না চালানোর অনুরোধ করেছিলেন। কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করে সোমবার ভোরে ইসরায়েলি বাহিনী ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও একটি পেট্রোকেমিক্যাল স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। পাল্টা জবাবে ইরানও ইসরায়েলের হাইফা শহরের একটি স্থাপনা এবং দুটি বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে।
এই চরম উত্তেজনার পর ট্রাম্পের দেওয়া কঠোর হুঁশিয়ারির প্রেক্ষাপটে সোমবার দুপুরের পর ইরান ও ইসরায়েল উভয় পক্ষই সাময়িকভাবে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দেয়। তবে বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই কড়া অবস্থানের পর নেতানিয়াহু সরকার আন্তর্জাতিক কূটনীতিতে নতুন চাপের মুখে পড়ল।
সূত্র: আল-জাজিরা।
মানবকন্ঠ/আরআই




Comments