Image description

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘একুশ আমাদের জন্য নতুন প্রেরণা হয়ে আসবে।’

মন্ত্রী বলেন, “দীর্ঘদিন পর আমরা একটি মুক্ত বাংলাদেশে এবং মুক্ত পরিবেশে ভাষা শহীদদের স্মরণ করতে এসেছি। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ, পরবর্তী গণতান্ত্রিক সংগ্রাম এবং সাম্প্রতিক ‘জুলাই বিপ্লব’—সবকিছুরই মূল প্রেরণা ও উৎপত্তি হয়েছে একুশের চেতনা থেকে। এ কারণে একুশ আমাদের জাতীয় জীবনে সবসময়ই শক্তির উৎস হিসেবে কাজ করে।”

দেশের বর্তমান প্রেক্ষাপট উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, “বর্তমানে আমাদের সামনে বেশ কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে দেশের অর্থনীতিকে পুনরায় সচল করা এবং রাজনীতিকে আরও সংহত ও সুসংগঠিত করা এখন সময়ের দাবি। আমি বিশ্বাস করি, একুশের অবিনাশী চেতনাকে ধারণ করেই আমরা এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবো।”

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় তার সঙ্গে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/আরআই