Image description

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার আসন বিন্যাস বা কেন্দ্র তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রকাশিত তালিকা অনুযায়ী, এবার এই বোর্ডের অধীনে সর্বমোট ৩১৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এইচএসসি পরীক্ষার জন্য নির্ধারিত ৩১৬টি কেন্দ্রের মধ্যে ৩০৮টি কেন্দ্র দেশের অভ্যন্তরে এবং ৮টি কেন্দ্র বিদেশের মাটিতে অবস্থিত। বিদেশের কেন্দ্রগুলোতে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকাশিত কেন্দ্র বা আসন বিন্যাস সংক্রান্ত কোনো বিষয়ে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট ব্যক্তির কোনো যৌক্তিক আপত্তি থাকে, তবে তা আগামী ৩০ মার্চের মধ্যে লিখিতভাবে বোর্ডে জানাতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আপত্তি বা আবেদন গ্রহণ করা হবে না।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে ইতিমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ও পরীক্ষা পরিচালনার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

মানবকণ্ঠ/আরআই