Image description

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় সংসদ ভবন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। এই ভবনের ছাদে সৌরশক্তি ব্যবহারের উদ্যোগ প্রমাণ করে যে, নেতৃত্ব কেবল নীতিমালার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে। রোববার (২৪ মে) সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর অনুরোধে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, জাতীয় সংসদ ভবনে এক মেগাওয়াট ক্ষমতার এই রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর মাধ্যমে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির পথে এক ধাপ এগিয়ে গেল।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও প্রাকৃতিক দুর্যোগ আমাদের প্রতিদিনের বাস্তবতা। এ অবস্থায় টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া কেবল পরিবেশগত দায়িত্ব নয়, বরং আমাদের জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির জন্য অপরিহার্য।”

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে সৌরশক্তির বিশাল সম্ভাবনা রয়েছে। গত এক দশকে সৌরবিদ্যুৎ উৎপাদনের খরচ কমে আসায় এটি এখন পরিবেশবান্ধবের পাশাপাশি অর্থনৈতিকভাবেও সাশ্রয়ী। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, জাতীয় সংসদের এই উদ্যোগ দেখে দেশের অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে অনুপ্রাণিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন।

মানবকণ্ঠ/আরআই