Image description

সারা দেশে হামের সংক্রমণ ও মৃত্যু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। রোববার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এই উদ্বেগজনক তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া ১৬ জনের মধ্যে ঢাকাতেই সর্বোচ্চ ১০ জন প্রাণ হারিয়েছে। এছাড়া ময়মনসিংহে ২ জন এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেটে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৪২ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৮৬ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ৫০ হাজার ৫৫৮ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৬ হাজার ২১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে সংক্রমণের হার এবং মৃত্যুর এই ক্রমবর্ধমান সংখ্যা জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি অভিভাবকদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মানবকণ্ঠ/আরআই