প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) গুরুত্বপূর্ণ সভা শুরু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা শুরু হয়। সভায় বেশ কয়েকটি বড় উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য পেশ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ।
এবারের একনেক সভার অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন ‘চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল’ (সিইআইজেড) প্রকল্পটি। প্রায় এক দশকের জটিলতা কাটিয়ে এবং চলতি মাসের শেষভাগে প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরকে কেন্দ্র করে এই বিশেষ প্রকল্পটিতে গতি এসেছে। চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর মোহনার কাছে ৮০০ একর জায়গাজুড়ে এই শিল্পাঞ্চল গড়ে তোলা হবে।
প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৯০ কোটি টাকা (৪,১৮৯.৪৬ কোটি টাকা)। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ হাজার ৭২২ কোটি টাকা এবং প্রকল্প সহায়তা হিসেবে চীন দেবে ২ হাজার ৪৬৭ কোটি টাকা। জানুয়ারি ২০২৭ থেকে ডিসেম্বর ২০৩১ সালের মধ্যে এটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি চালু হলে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ৫০০ মিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ আসবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে মিরসরাইয়ে ৯০০ একর জমিতে ৯১৯ কোটি টাকা ব্যয়ে ভারতের একটি অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ শুরু হলেও রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রকল্পটি বাতিল করেছিল।
মানবকন্ঠ/আরআই




Comments