অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’: শিক্ষা মন্ত্রণালয়
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অনার্স কোর্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় তুলে দেওয়ার দাবিটিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ ও ‘গুজব’ বলে স্পষ্ট করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৯ জুন) শিক্ষামন্ত্রীর একান্ত কর্মকর্তা নূরুল আফসার দীপু এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বা বিষয় বাতিলের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত নেয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই সংক্রান্ত যে তথ্য প্রচার করা হচ্ছে, তা একেবারেই সঠিক নয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, উচ্চশিক্ষা সংস্কার এবং শিক্ষাক্রম পর্যালোচনার বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও পর্যালোচনা অবশ্যই চলছে, তবে বাংলা, ইতিহাস ও দর্শনের মতো মৌলিক বিষয়গুলোতে অনার্স শিক্ষা বন্ধ করার কোনো নীতিগত সিদ্ধান্ত সরকার নেয়নি।
নূরুল আফসার দীপু সামাজিক যোগাযোগমাধ্যমের এমন গুজবে বিভ্রান্ত না হয়ে সর্বসাধারণকে শিক্ষা মন্ত্রণালয় এবং সরকারের আনুষ্ঠানিক সূত্র থেকে সঠিক তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছেন। মূলত ২০২৭ সালের শিক্ষাবর্ষের জন্য নতুন শিক্ষাক্রম সংস্কার এবং কয়েকটি নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনা থাকলেও, সেখানে অনার্স পর্যায়ের কোনো মৌলিক বিষয় বাতিলের প্রস্তাব বা ঘোষণা দেওয়া হয়নি।
মানবকন্ঠ/আরআই




Comments