Image description

আগামী স্থানীয় সরকার নির্বাচনে নির্ধারিত আইনি মানদণ্ড ও শর্ত পূরণ সাপেক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীসহ যেকোনো ব্যক্তি অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরকারের এই অবস্থানের কথা পরিষ্কার করেন।

ব্রিফিংয়ে সাংবাদিকরা জানতে চান—আগামী স্থানীয় সরকার নির্বাচনে সরকার আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেবে কি না। জবাবে তথ্য উপদেষ্টা বলেন, কোনো রকম কোনো সমস্যা নেই। একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চান, এখানে কেউই দলের কথা বলবেন না। একজন নির্দলীয় ব্যক্তি আসলেন, কিন্তু তিনি তার ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলার সেগুলো বলেন, সেটা সমস্যা হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে শর্ত আছে নির্বাচনটা করার জন্য সেটা যদি তিনি ফুলফিল করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন। নিশ্চয়ই পারেন।

যদি নির্বাচনে অংশ নেওয়া কারও আওয়ামী লীগের দলীয় পদ-পদবি থাকে, তবে আইনি অবস্থান কেমন হবে—এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান ব্যাখ্যা করে বলেন, আওয়ামী লীগের পোস্ট পজিশন আসলে যেটা হয় আরকি, সংগঠনের কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে এই পোস্ট পজিশন তিনি তো আসলে ব্যবহার করছেন না, তিনি করতে পারেন না। ব্যক্তি হিসেবে যেকোনো কেউ যদি ক্রাইটেরিয়া যা আছে সেটা ফুলফিল করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই এই ব্যাপারে।

উপদেষ্টার এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, দলগত বা প্রাতিষ্ঠানিক কর্মসূচি নিষিদ্ধ থাকায় দলীয় ব্যানারে প্রচারণার সুযোগ না থাকলেও, ব্যক্তি হিসেবে যোগ্যতা পূরণ সাপেক্ষে যে কেউ স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

মানবকন্ঠ/আরআই