ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, দেশে বর্তমানে চারটি মোবাইল অপারেটরের বৈধ নিবন্ধিত সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ।
মঙ্গলবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি-র এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
মন্ত্রী জানান, বর্তমানে দেশে চারটি মোবাইল অপারেটর কার্যক্রম পরিচালনা করছে। এগুলো হলো টেলিটক বাংলাদেশ লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা পিএলসি এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড। এসব প্রতিষ্ঠানের নিবন্ধিত সিমের মোট সংখ্যাই ৩২ কোটি ৮২ লাখ।
এদিকে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল)-এর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ডাক বিভাগের সেবা সম্প্রসারণে বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস বা পোস্ট পিকআপ পয়েন্ট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য উপযুক্ত স্থান নির্বাচন প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, ই-কমার্স ও এফ-কমার্স খাতকে সহায়তা দিতে দেশের বিভিন্ন স্থানে ১৪টি ফুলফিলমেন্ট সেন্টার স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্র থেকে পণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রসেসিং, বুকিং, সর্টিং, পরিবহন ও বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।
নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন-এর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ এ পর্যন্ত ৫৫টি স্টার্টআপকে বিনিয়োগের জন্য অনুমোদন দিয়েছে। তবে বিভিন্ন কারণে ১৯টি স্টার্টআপের বিনিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে। শেষ পর্যন্ত ৩৬টি প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী স্টার্টআপে প্রায় ১০৯ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।
বিনিয়োগ পাওয়া উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চালডাল লিমিটেড, টেন মিনিট স্কুল লিমিটেড, সেবা প্ল্যাটফর্ম লিমিটেড এবং ট্যুর বুকিং বাংলাদেশ লিমিটেড।




Comments