সেতুমন্ত্রীর মাধ্যমে কি চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো: প্রশ্ন জামায়াত আমিরের
সড়কে পরিবহন খাতে আদায় করা টাকাকে চাঁদাবাজি মানতে নারাজ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি প্রশ্ন তুলেছেন, নবগঠিত সরকারের সড়ক ও সেতুমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে দেশে চাঁদাবাজিকে কি জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো?
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেন জামায়াত আমির।
ফেসবুক পোস্টে সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি লেখেন, "তাহলে কীভাবে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে? ব্যাকরণ কিছুই বোঝা যাচ্ছে না। সূচনাতেই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে?"
দেশবাসীকে চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান আরও লেখেন, "প্রিয় জনগণ, চাঁদার কালো থাবা থেকে বাঁচতে হলে লড়তে হবে। এ লড়াইয়ে আপনাদের সঙ্গে আমরা আছি, ইনশাআল্লাহ।"
উল্লেখ্য, গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পরিবহন খাতের চাঁদাবাজির বিষয়ে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছিলেন, "সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখি না।" তিনি এটিকে মালিক ও শ্রমিক সমিতির কল্যাণে ব্যয় হওয়া একটি ‘অলিখিত বিধি’ হিসেবে দাবি করে বলেন, কেউ দিতে না চাইলে বা জোর করে আদায় করা হলেই কেবল তাকে চাঁদা বলা যায়। মন্ত্রীর এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার কড়া প্রতিক্রিয়া জানালেন জামায়াত আমির।
মানবকণ্ঠ/আরআই




Comments