রাতে কিশোররা অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, কিশোর অপরাধ রোধে রাতে অকারণে বাইরে ঘোরাঘুরি করলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করবে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়ায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “রাতে কিশোরদের রাস্তায় অযাচিত ঘোরাঘুরি বন্ধ করা জরুরি। এখন থেকে রাতে কাউকে অকারণে রাস্তায় দেখা গেলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে। এক্ষেত্রে কোনো সাংবিধানিক লঙ্ঘনের (Constitutional Violation) প্রশ্ন উঠলে সেটি আমরা পরে বিবেচনা করব, কিন্তু জননিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হবে।”
প্রশাসনের কর্মকর্তাদের প্রতি হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী তার কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, “আমি নিজে জীবনে কোনোদিন দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতেও দেব না—এটি আমার পরিষ্কার অঙ্গীকার। যারা আমার এই প্রতিজ্ঞার সঙ্গে একমত হতে পারবেন না, তারা দয়া করে এখান থেকে অন্যত্র বদলি হয়ে চলে যান। অন্যথায় আমাকে বলবেন, আমি নিজেই ভালো জায়গা দেখে আপনাদের বদলির ব্যবস্থা করে দেব। তবে আমি এই এলাকাকে দুর্নীতমুক্ত ও পবিত্র রাখতে চাই।”
মতবিনিময় সভায় চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments