রাজশাহীর তানোর উপজেলায় দীর্ঘদিন বন্ধ থাকার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি কার্যালয় পুনরায় খোলা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা এলাকায় অফিসটি খোলা হয়। এ সময় সেখানে ইফতার উপলক্ষে খিচুড়ি রান্না ও বিতরণের খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যালয়টি খোলার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে খিচুড়ি পার্টির আয়োজন করেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভিডিওতে এক কর্মীকে বলতে শোনা যায়, “অনেক দিন ধরে আমাদের এই অফিস বন্ধ ছিল। আজ পহেলা রমজানে সবাইকে নিয়ে আমরা এটি ওপেন করলাম। বঙ্গবন্ধুর সৈনিকরা আছে এবং থাকবে।”
অফিসটি কলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর হঠাৎ করে প্রকাশ্যে এসে কার্যালয় খোলা এবং উৎসব করায় স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়া একটি দলের এভাবে প্রকাশ্যে আসা রহস্যজনক।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার খবর পাওয়া যাচ্ছে। তারই ধারাবাহিকতায় তানোরের কলমা ইউনিয়নে তৃণমূল নেতাকর্মীদের উদ্যোগে এই অফিসটি পুনরায় চালু করা হয়েছে। এ নিয়ে ওই এলাকায় সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments