Image description

ঝিনাইদহের মহেশপুরে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক ব্যক্তি, তার স্ত্রী ও কলেজপড়ুয়া মেয়েকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আহত শামছুজ্জামান ভুট্ট্রোর অভিযোগ অনুযায়ী, নির্বাচনের পরদিন শুক্রবার বিকেলে একই গ্রামের হান্নান ওরফে বাবলু তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। পরবর্তীতে দাবির পরিমাণ কমিয়ে ৫০ হাজার টাকা করা হলেও তিনি তা দিতে রাজি হননি। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় হান্নান তার সহযোগী আব্দুল্লাহ ও আব্দুল জব্বারকে নিয়ে ভুট্টোর বাড়িতে চড়াও হন এবং তাকেসহ তার স্ত্রী ও মেয়েকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে ফেলে রেখে যান।

আহতদের উদ্ধার করে রাতেই মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার বিষয়ে বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, তিনি এলাকায় গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেছেন এবং বিষয়টি দ্রুত মীমাংসার চেষ্টা করছেন।

ভৈরবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনিসুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অভিযুক্ত হান্নান ওরফে বাবলুও বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, বিষয়টি তারা অবগত আছেন। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবকণ্ঠ/আরআই