Image description

মিরপুরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। টাইগারদের কাছে ৮ উইকেটের এমন বড় হারের পর নিজ দেশের ক্রিকেটারদের ধুয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক গতিদানব মোহাম্মদ আমির। তার মতে, বাংলাদেশ এমন এক উইকেট তৈরি করে পাকিস্তানকে চমকে দিয়েছে, যা ছিল পাকিস্তানি ব্যাটারদের জন্য “সিলেবাসের বাইরের প্রশ্নের” মতো।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বিশ্লেষণে আমির বলেন, মিরপুরের মন্থর উইকেটের কথা ভেবে পাকিস্তান দল স্পিন সামলানোর প্রস্তুতি নিয়েছিল। কিন্তু বাংলাদেশ ঘাসে ঢাকা বাউন্সি পিচ বানিয়ে পাকিস্তানের সব পরিকল্পনা তছনছ করে দিয়েছে।

পাক ক্রিকেটারদের কড়া সমালোচনা করে আমির বলেন, “বাংলাদেশ আমাদের একদম দুম্বার মতো (কোরবানির পশুর মতো) মেরেছে। আমরা ভেবেছিলাম টার্নিং উইকেট হবে, কিন্তু তারা বানিয়ে দিল পেস সহায়ক উইকেট। ঠিক যেন পরীক্ষায় ‘আউট অব সিলেবাস’ প্রশ্ন এসে গেছে। আমাদের ব্যাটাররা ১৪০ কিলোমিটার গতির বল দেখলেই কাঁপতে শুরু করে।”

পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ের জন্য দুর্বল টেকনিক ও প্রস্তুতির অভাবকে দায়ী করেছেন এই সাবেক পেসার। তিনি বলেন, “তরুণ ব্যাটারদের টেকনিকে বড় ধরনের ফাঁক রয়েছে। তারা অফ স্টাম্পের বাইরের বল সামলাতে পারছে না। শুধু তরুণদের দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট হয় না, দলে সিনিয়র ও জুনিয়রদের ভারসাম্য থাকা খুব জরুরি।”

পাকিস্তান দলের বর্তমান অবস্থা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে আমির আরও বলেন, “আমরা এখন বাংলাদেশের কাছেও এভাবে হারছি। ভয় হচ্ছে, এভাবে চলতে থাকলে শেষ পর্যন্ত আমাদের অবস্থা নেপাল বা ওমানের মতো অ্যাসোসিয়েট দলগুলোর মতো হয়ে যায় কি না।”

বাংলাদেশের বোলিং আক্রমণের ভূয়সী প্রশংসা করেন আমির। তিনি মনে করেন, নাহিদ রানা, তাসকিন ও মোস্তাফিজদের মতো বোলাররা এখন নিয়মিত ১৩৫-১৪০ কিমি গতিতে বল করছেন, যা যেকোনো দলের জন্য ভয়ের কারণ। সিরিজ জিততে বাংলাদেশ পরের ম্যাচগুলোতেও একই ধরনের পেস সহায়ক উইকেট ব্যবহার করবে বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, প্রথম ওয়ানডেতে নাহিদ রানার ৫ উইকেটের তোপে পাকিস্তান মাত্র ১১৪ রানে অলআউট হয় এবং বাংলাদেশ মাত্র ১৫.১ ওভারেই জয় তুলে নেয়।

মানবকণ্ঠ/আরআই