Image description

নীলফামারীর ডোমারে সার বিতরণকে কেন্দ্র করে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে ডোমার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ মার্চ উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের বিওপি বাজারে সার বিতরণ করছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা ফয়জুল বারী। ওই মাসে তার ব্লকের জন্য বরাদ্দকৃত ১৪৫ বস্তা সার নিয়ম অনুযায়ী বিতরণ করার সময় ইউপি সদস্য আমিনার রহমান সেখানে উপস্থিত হয়ে বরাদ্দ নিয়ে প্রশ্ন তোলেন। একপর্যায়ে তিনি ওই কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, ঘাড় ধাক্কা এবং মারধর করেন। এই লাঞ্ছনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে মামলার বাদী ও উপসহকারী কৃষি কর্মকর্তা নুরুন্নবী জানান, বরাদ্দ অনুযায়ী সার বিতরণ করতে গেলে ইউপি সদস্য আমিনার রহমান কোনো কিছু না বুঝেই চড়াও হন। তিনি দাবি করেন সবাইকে সার দিতে হবে। আমি বরাদ্দের কাগজপত্র দেখাতে চাইলেও তিনি তা না দেখে আমাকে মারধর শুরু করেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ দেওয়া হয়।

১ নম্বর ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম ইউপি সদস্যের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, সরকারি কাজে বাধা ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার মামলায় ইউপি সদস্য আমিনার রহমানকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর