Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদিকে প্রকাশ্যে জুতা পেটা করা এবং রাজনীতি থেকে বিতাড়িত করার হুঁশিয়ারি দিয়েছেন একই দলের ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্র শক্তি’র জেলা সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি জিম।

বুধবার (১১ মার্চ) রাত ১১টার দিকে নিজের ফেসবুক পেজে দীর্ঘ ১৭ মিনিটের এক লাইভে এসে তিনি এই হুঁশিয়ারি দেন। বায়েজিদ বোস্তামি জিম ইতিপূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

লাইভে জিম দাবি করেন, জুলাই বিপ্লবে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এবং তার শরীরে এখনো রাবার বুলেটের ক্ষত চিহ্ন রয়েছে। তিনি ফ্যাসিস্টদের বিরুদ্ধে করা মামলার একজন বাদীও। জাতীয় ছাত্র শক্তির দায়িত্বশীল নেতা হিসেবে কোনো দুর্নীতিবাজ বা ফ্যাসিস্টের দোসরদের সঙ্গে রাজনীতি করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

লাইভের একপর্যায়ে ক্ষোভ প্রকাশ করে জিম বলেন, “জুলাই আন্দোলনে আমার শরীরে রাবার বুলেট লেগেছে, পুলিশি নির্যাতনের শিকার হয়েছি। আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে খুদি আপনাকে নেতা হিসেবে মেনে নেবো না। আপনাকে কীভাবে প্রতিহত করতে হয়, তা আমাদের জানা আছে।”

জিম আরও অভিযোগ করেন, সম্প্রতি রংপুরে একটি কর্মসূচিতে গিয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে খুদি অভিযোগ করেছেন যে—গাইবান্ধার নতুন কমিটির নেতারা ‘নেশাখোর’। এই অভিযোগের প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ জানিয়ে জিম বলেন, “হয় প্রমাণ দিতে হবে, না হয় প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তাকে গাইবান্ধার মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না।”

কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, রাজনীতি এখন আর আগের মতো নেই। তিনি নাহিদ ইসলাম, আখতার হোসেন ও আতিক মুজাহিদসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান যেন দ্রুত খুদিকে গাইবান্ধার আহ্বায়কের পদ থেকে অপসারণ করা হয়। জিমের দাবি, খুদি একজন দুর্নীতিবাজ এবং তাকে দিয়ে এই জেলার রাজনীতি চলবে না।

এ বিষয়ে বক্তব্য জানতে বৃহস্পতিবার সকালে খাদেমুল ইসলাম খুদির মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি, যার ফলে তার কোনো প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।

মানবকণ্ঠ/ডিআর