Image description

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের শাসনামলের তীব্র সমালোচনা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি অভিযোগ করে বলেন, "তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আঁকড়ে ধরে দুর্নীতি ও দুঃশাসনের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বদরবারে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল।"

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার পর শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের ঐতিহাসিক প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি তাঁর নির্ধারিত ভাষণে এসব কথা বলেন।

রাষ্ট্রপতি তাঁর ভাষণে ২০২৪ সালের ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের কথা গুরুত্বের সাথে স্মরণ করেন। তিনি বলেন, “এক নজিরবিহীন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এ দেশে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।” জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাঁদের স্মরণে অন্তর্বর্তীকালীন ও বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন তিনি।

বর্তমান সরকারের অন্যতম জনপ্রিয় কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’-এর ওপর আলোকপাত করে রাষ্ট্রপতি বলেন, “সরকার যে ফ্যামিলি কার্ড চালু করেছে, তা কেবল একটি সহায়তা কর্মসূচি নয়, বরং এটি দেশে নারী ক্ষমতায়নের অন্যতম প্রতীক হিসেবে কাজ করছে।” সরকারের জনকল্যাণমুখী কাজের ধারা অব্যাহত থাকবে বলেও তিনি বিশ্বাস করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর বক্তব্যে বর্তমান মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল যুদ্ধ পরিস্থিতির কথা তুলে ধরেন এবং এর ফলে বৈশ্বিক বাণিজ্যে যে ঝুঁকি তৈরি হয়েছে সে বিষয়ে সতর্ক করেন। দেশের অভ্যন্তরীণ অর্থনীতি নিয়ে তিনি বলেন, “বর্তমানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা বড় চ্যালেঞ্জ।” তবে কৃষি ও সামগ্রিক অর্থনীতির ক্ষেত্রে বর্তমান সরকার যে জনকল্যাণমূলক পদক্ষেপ নিচ্ছে, তাতে শিগগিরই সুফল আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিরোধীদের হট্টগোল ও ওয়াক আউটের পরিস্থিতির মধ্যেই রাষ্ট্রপতি তাঁর পূর্ণাঙ্গ ভাষণ শেষ করেন। তিনি নতুন সংসদের সকল সদস্যকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

মানবকণ্ঠ/আরআই