Image description

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে ইরানের সব অনিশ্চয়তা কেটে গেছে। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের সব ম্যাচ যুক্তরাষ্ট্রের মাটিতে খেললেও, ইরান ফুটবল দল তাদের মূল প্রশিক্ষণ ঘাঁটি বা বেস ক্যাম্প করবে প্রতিবেশী দেশ মেক্সিকোতে। মূলত ভিসা জটিলতা এড়াতে এবং বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) ইরান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহদি তাজ এক বিবৃতিতে জানান, তাদের প্রশিক্ষণ ঘাঁটি যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার বিষয়ে ফিফার অনুমোদন পাওয়া গেছে। সাধারণত বিশ্বকাপের আয়োজক দেশগুলোর ভেতরেই দলগুলোর বেস ক্যাম্প থাকে, তবে ইরানের বিশেষ পরিস্থিতির কথা বিবেচনা করে ফিফা এই ছাড় দিয়েছে।

ফেডারেশনের তথ্যমতে, ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর ঠিক দক্ষিণে মেক্সিকোর তিজুয়ানায় তাঁবু বসাবে ইরান দল। মেহদি তাজ বলেন, ‘ইস্তাম্বুলে ফিফা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং তেহরানে ফিফা মহাসচিবের সঙ্গে বিশেষ ওয়েবিনারের পর আমাদের এই অনুরোধ গৃহীত হয়েছে।’ তিনি আরও জানান, এই ব্যবস্থার ফলে সম্ভাব্য ভিসা জটিলতাও এড়ানো যাবে। ইরান এয়ারের বিশেষ ফ্লাইটে করে দলটি মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে যাতায়াত করবে।

এবারের বিশ্বকাপে ইরান ‘জি’ গ্রুপে রয়েছে। ১৫ জুন ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের মিশন শুরু হবে। ২১ জুন একই ভেন্যুতে তারা শক্তিশালী বেলজিয়ামের মুখোমুখি হবে। এরপর ২৬ জুন ওয়াশিংটনের সিয়াটলে মিশরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে তারা।

টানা চতুর্থ এবং সব মিলিয়ে সপ্তম বারের মতো বিশ্বমঞ্চে নামছে ইরান। ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত তারা প্রথম রাউন্ড পার করতে পারেনি। মেক্সিকোর শান্ত পরিবেশে প্রস্তুতি নিয়ে এবার সেই গেরো কাটানোই হবে ইরানিদের মূল লক্ষ্য।

মানবকণ্ঠ/আরআই