কুলিয়ারচরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একটি মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম মাহবুব ওরফে মাহবুবুল্লাহ (২৩)। তিনি উপজেলার পশ্চিম তারাকান্দি মসজিদের ইমাম এবং নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খালিশাপুর গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে।
রোববার (২৪ মে) দুপুরে উত্তেজিত জনতা অভিযুক্ত মাহবুবুল্লাহকে আটকে রেখে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
ভুক্তভোগী শিশুর প্রতিবেশী রফিকুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে এলাকার শিশুরা মক্তবে যেতে চাচ্ছিল না। আজ সকালে এর কারণ জানতে চাইলে শিশুরা ভুক্তভোগী ওই শিশুটির নাম উল্লেখ করে। পরে শিশুটিকে জিজ্ঞাসা করলে সে জানায়, গত সপ্তাহে সে ওই ইমামের খাবার নিয়ে গেলে মাহবুবুল্লাহ তার ওপর পাশবিক নির্যাতন চালায়। ভয়ে শিশুটি এত দিন বিষয়টি কাউকে বলেনি। আজ দুপুরে গ্রামবাসীরা অভিযুক্ত ইমামকে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কোনো ধরনের প্রভাব বা চাপ ছাড়াই আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু মুসা শেখ বলেন, “মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত মামলা রেকর্ড করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করছি।”
মানবকণ্ঠ/ডিআর




Comments