ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৫ জনে দাঁড়িয়েছে। দেশটির সিভিল ডিফেন্স অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৩১ জন সোকসারগেন অঞ্চলের এবং চারজন দাভাও অঞ্চলের বাসিন্দা। এই দুর্যোগে আহত হয়েছেন আরও অন্তত ১৩৪ জন এবং প্রায় ১০ হাজার পরিবার ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে।
গত সোমবার সকালে আঘাত হানা এই প্রবল ভূকম্পনের পর ফিলিপাইন, ইন্দোনেশিয়া, জাপান ও অস্ট্রেলিয়ায় সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে একাধিক ভবন ধসে পড়া এবং জোলিবি ফাস্টফুড রেস্তোরাঁসহ বিভিন্ন স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার চিত্র দেখা গেছে। এছাড়া কিছু এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বর্তমানে হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা যাচাই করছে, যা আগামী দিনগুলোতে আনুষ্ঠানিকভাবে হালনাগাদ করা হতে পারে।
সূত্র : বিবিসি।
মানবকন্ঠ/আরআই




Comments