Image description

তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়টি স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সাথে এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানির জন্য আগামী ১৬ জুন দিন ধার্য করেছেন আদালত। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের এই রায়টি স্থগিত থাকবে।

মঙ্গলবার (৯ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং অপরপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

রায়ের পটভূমি ও মূল বিষয়সমূহ:

২০২৪ সালের আগস্টে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ ও ২০১৭ সালের জুডিশিয়াল সার্ভিস বিধিমালার বৈধতা চ্যালেঞ্জ করে সাত আইনজীবীর রিটের প্রেক্ষিতে গত ২ সেপ্টেম্বর হাইকোর্ট সংক্ষিপ্ত এবং পরবর্তীতে ৭ এপ্রিল ১৮৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। গত ২১ মে এই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।

হাইকোর্ট তাদের রায়ে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের সেই বিধানটি বাতিল করেছিলেন, যা অনুযায়ী অধস্তন আদালতের ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি) ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির হাতে ন্যস্ত ছিল। এর ফলে অধস্তন আদালতের সম্পূর্ণ নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত হয়েছিল এবং ২০১৭ সালের শৃঙ্খলাবিধিটি বাতিল করা হয়েছিল।

১৯৭২ সালের মূল সংবিধানে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতেই ছিল। কিন্তু ১৯৭৪ সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে তা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করা হয়। পরবর্তীতে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমেও এই নিয়মটি বহাল রাখা হয়, যা রিটকারীদের মতে নির্বাহী বিভাগের সরাসরি হস্তক্ষেপের সুযোগ তৈরি করে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করছিল।

আপিল বিভাগের আজকের এই স্থগিতাদেশের কারণে আগামী ১৬ জুনের চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় গঠন ও অধস্তন আদালতের নিয়ন্ত্রণ সংক্রান্ত হাইকোর্টের নির্দেশনাগুলো আপাতত কার্যকর হচ্ছে না।

মানবকন্ঠ/আরআই