বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাসে বাংলাদেশি নাগরিকদের জন্য চাকরির সুযোগ তৈরি হয়েছে। দূতাবাসের প্রটোকল শাখায় ‘স্থানীয় কর্মী’ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদে নির্বাচিত ব্যক্তিকে রাষ্ট্রদূতের ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করতে হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
শুক্রবার (২০ নভেম্বর) প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। বাংলা ও ইংরেজির পাশাপাশি জাপানি ভাষায় সাবলীল হতে হবে। জাপানি ভাষা মাতৃভাষা হতে হবে অথবা জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের (জেএলপিটি) এন২ পর্যায়ের সনদ থাকতে হবে।
এ ছাড়া মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট ব্যবহারে মৌলিক দক্ষতা প্রয়োজন। সচিবালয় বা প্রটোকল-সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। পাশাপাশি বাংলাদেশে কাজ করার বৈধ অনুমতি বা আবাসিক অবস্থানের বৈধ কাগজপত্র থাকতে হবে।
দায়িত্ব
নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে রাষ্ট্রদূত ও মিনিস্টারের সময়সূচি ব্যবস্থাপনা, সভা ও বিভিন্ন অনুষ্ঠানের প্রস্তুতি, ইমেইল ও ফোন কল পরিচালনা এবং দাপ্তরিক নথিপত্র তৈরির দায়িত্ব পালন করতে হবে। এ ছাড়া রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত নৈশভোজের প্রস্তুতিসহ দূতাবাসের বিভিন্ন প্রটোকল-সংশ্লিষ্ট কাজ করতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীর বেতন দ্বিতীয় ধাপের সাক্ষাৎকার শেষে যোগ্যতা অনুযায়ী নির্ধারণ করা হবে। কর্মঘণ্টা রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বিশেষ প্রয়োজনে অতিরিক্ত সময় কাজ করতে হতে পারে। এ ক্ষেত্রে ওভারটাইম ভাতার সুবিধা রয়েছে।
এ ছাড়া সামাজিক নিরাপত্তা তহবিল বা প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনের ২০ শতাংশ জমা হবে। এর মধ্যে কর্মীর পক্ষ থেকে ১০ শতাংশ এবং দূতাবাসের পক্ষ থেকে ১০ শতাংশ দেওয়া হবে। চাকরি শেষে জমা হওয়া অর্থ এককালীন প্রদান করা হবে।
নিয়োগপ্রাপ্ত ব্যক্তির সম্ভাব্য যোগদানের তারিখ ২০২৭ সালের ১ জানুয়ারি অথবা এর পরবর্তী কোনো সময়।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্তের সঙ্গে আবেদনের আগ্রহের কারণ উল্লেখ করতে হবে। পাশাপাশি পাসপোর্ট আকারের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও ভাষাগত দক্ষতার সনদপত্র এবং পূর্ববর্তী কর্মস্থলের সুপারিশপত্র (যদি থাকে) একত্র করে ইমেইলে পাঠাতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: eojbd@dc.mofa.go.jp
ইমেইলের বিষয় বা সাবজেক্ট লাইনে লিখতে হবে ‘Job Application (প্রার্থীর নাম)’। আবেদনের শেষ তারিখ ২৬ নভেম্বর ২০২৬।
প্রাথমিক বাছাইয়ের পর নির্বাচিত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে। পুরো নিয়োগ প্রক্রিয়া ও সাক্ষাৎকার জাপানি ভাষায় অনুষ্ঠিত হবে।
সূত্র: জাপান দূতাবাস
এনএ




