রাজধানীর মিরপুরে বাসার বাথরুমে বালতি রাখা নিয়ে বিরোধের জেরে আরেক ভাড়াটিয়ার ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ার হোসেন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মিরপুর ৬ নম্বর সেকশনের আদর্শ স্কুলের পেছনের একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আনোয়ার হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাল্লা গ্রামের মাইনুর রহমানের ছেলে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের প্রতিবেশী সাকিব হোসেন জানান, তাঁরা মিরপুর ৬ নম্বর সেকশনের ৮ নম্বর রোডের একটি বাসায় ভাড়া থাকেন। আনোয়ার পেশায় বুটিককর্মী ছিলেন। শনিবার রাতে বাসার বাথরুমে বালতি রাখা নিয়ে অপর ভাড়াটিয়া আরিফ হোসেনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফ ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারের পিঠের বাঁ পাশে আঘাত করেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন।
পরে দ্রুত আনোয়ারকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আনোয়ারের পিঠের বাঁ পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি পল্লবী থানা পুলিশ তদন্ত করছে।





