রাজধানীর দারুস সালাম, শেরেবাংলা নগর ও পল্লবী থানা এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, রাত ৭টা ৫৫ মিনিটের দিকে দারুস সালাম থানার গাবতলী টার্মিনাল মসজিদের বিপরীতে ডাচ্-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাকের সামনে সড়কে একটি ককটেল বিস্ফোরিত হয়। মোটরসাইকেলে এসে এক ব্যক্তি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন জানান, মোটরসাইকেলে আসা এক ব্যক্তি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা অবস্থান করছেন।
এর কিছুক্ষণ পর রাত পৌনে ৯টার দিকে শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও স্টাফ কোয়ার্টারের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সেখান থেকে সরে যায়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহিদুল ইসলাম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে রাত ৮টা ১৫ মিনিট থেকে সাড়ে ৮টার মধ্যে পল্লবী থানাধীন নাভানা টাওয়ার ও সাংবাদিক প্লটের সামনে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, ওই দুটি স্থানে দুর্বৃত্তরা পৃথকভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।





