নওগাঁর বদলগাছী উপজেলা কৃষি বৈচিত্র্যের জন্য পরিচিত। ধান, সবজি আর নাক ফজলি আমের জন্য বিখ্যাত এই জনপদে ফলের তালিকায় নতুন নাম যুক্ত করেছেন তরুণ কৃষি উদ্যোক্তা পলাশ হোসেন। রঙিন আম চাষে সাফল্যের পর এবার কমলা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
উপজেলার ভাতসাইল গ্রামের যুবক পলাশ হোসেন। চাকরি ছেড়ে দিয়ে কৃষিকে পেশা হিসেবে বেছে নেওয়া এই তরুণ শুরুতে রঙিন আম চাষ করে সফল হন। সেই আত্মবিশ্বাস থেকেই তিনি ঝুঁকি নেন কমলা চাষের। কৃষি অফিসের পরামর্শ ও নিজস্ব পরিকল্পনায় ২০ শতক জমিতে গড়ে তোলেন কমলার বাগান।
শুরুতে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন বরেন্দ্র অঞ্চলের মাটিতে আদৌ কমলা ফলবে কি না। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে পলাশের বাগানে এখন ঝুলছে থোকা থোকা কমলা। গাঢ় কমলা রঙের ফল আর বাতাসে ভেসে বেড়ানো মিষ্টি ঘ্রাণ জানান দিচ্ছে তার সাফল্যের কথা।
পলাশ বলেন, ‘আমরা এতদিন শুধু ধান আর সবজির ওপর নির্ভর করেছি। আমি চেয়েছি বদলগাছীর কৃষিতে নতুন কিছু যোগ করতে। কমলা সেই নতুন স্বপ্ন। এখন ফলন ও স্বাদ দেখে বুঝতে পারছি, আমার সিদ্ধান্ত ভুল ছিল না।’
সরেজমিনে দেখা যায়, পলাশের বাগানটি এখন স্থানীয় কৃষকদের আগ্রহের কেন্দ্রবিন্দু। অনেকেই আসছেন বাগান দেখতে, নিচ্ছেন পরামর্শ।
বিলাশবাড়ী ইউনিয়নের দর্শনার্থী এমদাদুল হক দুলু বলেন, ‘পলাশের বাগানে এসে বিশ্বাসই করতে পারছি না বদলগাছীর মাটিতে এত সুন্দর কমলা ধরেছে। খেয়ে দেখলাম, স্বাদও দারুণ মিষ্টি।’
বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান বলেন, ‘পলাশ হোসেন এই অঞ্চলে কমলা চাষকে জনপ্রিয় করার পথ তৈরি করেছেন। তার উদ্যোগ দেখে অনেক কৃষক এখন উচ্চমূল্যের এই ফল চাষে আগ্রহ দেখাচ্ছেন।’
পরিশ্রমী তরুণ পলাশ হোসেনের হাত ধরে বদলগাছীর কৃষিতে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তার এই সফলতা স্থানীয় বেকার যুবকদের জন্য অনুকরণীয় হতে পারে।





