পটুয়াখালীর বাউফল উপজেলায় গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশের গভীর খাদে পড়ে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে বাসটির সুপারভাইজার নিহত হয়েছেন এবং চালক এখনো নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ৫০ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন।
রোববার (৩ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বাউফল-বগা সড়কের আফসেরের গ্রেজ এলাকার পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুপারভাইজারের নাম বাবু (২৫)। তিনি উপজেলার বামনিকাঠী গ্রামের বাসিন্দা। জানা গেছে, দুর্ঘটনাকবলিত ‘বাউফল ট্রাভেলস’ নামক বাসটির চালক সুজন দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে দশমিনা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় বাসটি। পথিমধ্যে আফসেরের গ্রেজ এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি দুলতে দুলতে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদিকে নিখোঁজ চালক সুজনকে খুঁজে বের করতে ফায়ার সার্ভিস সদস্যরা তল্লাশি চালাচ্ছেন। তিনি বাসের নিচে চাপা পড়েছেন নাকি অন্য কোথাও চলে গেছেন—সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিক উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments