নিষেধাজ্ঞা শেষে চাঁদপুর মাছঘাটে ইলিশের সরবরাহ কমতে শুরু করেছে। এর প্রভাবে মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ইলিশের দাম বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা। অস্বাভাবিকভাবে দাম বাড়ায় কমে গেছে বেচাকেনা, ফলে ঘাটে এসেও ইলিশ না কিনেই ফিরে যাচ্ছেন অনেক ক্রেতা।
শুক্রবার (১৩ নভেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে চাঁদপুর বড়স্টেশন মাছঘাট ঘুরে দেখা যায়, আগের তুলনায় ঘাটে ইলিশের সরবরাহ অনেক কম। পাশাপাশি চড়া দামের কারণে ক্রেতাদের উপস্থিতিও বেশ কম দেখা গেছে। বেচাকেনায় ভাটা পড়ায় অনেক ব্যবসায়ী অলস সময় পার করছেন।
এক ইলিশ ব্যবসায়ী জানান, মৌসুম শেষ হয়ে আসায় এখন আর সরবরাহ বাড়ার কোনো সম্ভাবনা নেই। বর্তমানে ঘাটে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকা দরে। আর এক কেজির কম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৭০০ থেকে ২ হাজার টাকায়। এক সপ্তাহের ব্যবধানেই দাম এই পর্যায়ে পৌঁছেছে।
আরেক ব্যবসায়ী কামাল হোসেন জানান, নদীতে জেলেদের জালে ইলিশের আহরণ তুলনামূলক কমে গেছে। ফলে মাছঘাটে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। মৌসুমের একেবারে শেষ পর্যায়ে থাকায় আগামী দিনগুলোতে সরবরাহ আরও কমতে পারে, যার ফলে ইলিশের দাম আরও চড়া থাকার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
ডিআর





