রাঙামাটির বাঘাইছড়িতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় বটতলী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্লাব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বটতলী স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. নুর উদ্দীন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচালং সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন মীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, সহসভাপতি আবসার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় পাস কিংবা চাকরি পাওয়ার উদ্দেশ্যে পড়াশোনা করলে চলবে না; বরং প্রকৃত জ্ঞান অর্জনের প্রতি মনোযোগী হতে হবে। এমন শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে, যা কুসংস্কার, অজ্ঞতা ও অন্ধকার দূর করে একটি সুন্দর, সমৃদ্ধ ও আলোকিত ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করবে।
বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এসএ




