বগুড়ায় ধূমপানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবি করাকে কেন্দ্র করে মনিরুল ইসলাম গালিব (১৮) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে তার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই শিক্ষার্থী।
এর আগে, বৃহস্পতিবার (১৯ নবেম্বর) সন্ধ্যায় শহরের খান্দার এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী এ তথ্য জানিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, মনিরুল ইসলাম গালিব বগুড়া শহরের ঠনঠনিয়া নতুনপাড়ার মাহবুব হোসেনের ছেলে। তিনি বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মিশু, বাবু ও জিসান নামে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।




