কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীসহ বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে কুমারখালী থানা-পুলিশ। পরে রোববার (২২ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার শিলাইদহ, জগন্নাথপুর ও পান্টি ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নাশকতা মামলার চার আসামি এবং অন্যান্য মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জগন্নাথপুর ইউনিয়নের বেতবাড়িয়া এলাকার মৃত আজগর আলী শেখের ছেলে আব্দুল সাত্তার শেখ (৬৫), পান্টি ইউনিয়নের ওয়াশি গ্রামের মৃত নিহাল উদ্দিনের ছেলে আব্দুল মমিন (৪৮), সদকী ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত জহর আলী শেখের ছেলে জাহাঙ্গীর আলম শেখ, শিলাইদহ কসবা গ্রামের মো. ফারুক শেখের ছেলে মো. জিসান শেখ (১৯) এবং মহেন্দ্রপুর পূর্বপাড়া জামে মসজিদ এলাকার বাসিন্দা ও এক বছরের সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলমের ছেলে ফিরোজ আহমেদ।
পুলিশ জানায়, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলার চারজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এসএ




