ময়মনসিংহের নান্দাইল উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর প্রচেষ্টায় বিদ্যালয় দুটির অবকাঠামোগত উন্নয়নে ৪ কোটি ৪৫ লাখ ৫৬ হাজার টাকার প্রাক্কলন অনুমোদন দেওয়া হয়েছে। ইতোমধ্যে ভবন নির্মাণের দরপত্র আহ্বায়ের প্রক্রিয়াও এগিয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অনুমোদিত প্রাক্কলন অনুযায়ী, উপজেলার খুররম খান চৌধুরী উচ্চবিদ্যালয় ও মুশুলি উচ্চবিদ্যালয়ে চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণ করা হবে। প্রতিটি ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২২ লাখ ৭৮ হাজার টাকা। ভবন নির্মাণের পাশাপাশি পাইলিংয়ের কাজও প্রকল্পের আওতাভুক্ত রয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ময়মনসিংহ সার্কেল থেকে গত ৫ নভেম্বর জারি করা পত্রে অনুমোদিত প্রাক্কলনের ভিত্তিতে ই-জিপি পদ্ধতিতে দরপত্র আহ্বায়ের অনুমতি দেওয়া হয়েছে। ফলে বিদ্যালয় দুটির নতুন ভবন নির্মাণের বাস্তবায়ন প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে।
গত ৫ নভেম্বর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ডেস্ক-১) মো. মেহেদী ইকবাল স্বাক্ষরিত অফিস আদেশে অনুমোদিত প্রাক্কলনের তালিকা প্রকাশ করা হয়।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন ভবন নির্মিত হলে বিদ্যালয় দুটির শ্রেণিকক্ষ সংকট অনেকটাই দূর হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নত হবে এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।
নান্দাইলের শিক্ষা অবকাঠামো উন্নয়নে এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। তাঁদের প্রত্যাশা, দ্রুত দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে নির্মাণকাজ শুরু হলে বিদ্যালয় দুটির দীর্ঘদিনের অবকাঠামোগত চাহিদা পূরণ হবে।
এসএ




