নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-সিলেট মহাসড়কে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের ওপর উল্টে পড়েছে কাভার্ডভ্যান। এ দুর্ঘটনায় ট্রাকচালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ট্রাকের হেলপার।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার কাঁচপুর এলাকায় স্কয়ার নিট কম্পোজিট গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম ইসমাইল (৪০)। আহত হেলপারের নাম রায়হান হোসেন (২০)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা।
প্রত্যক্ষদর্শী হানিফ জানান, তিনি গাউছিয়া থেকে কাঁচপুরের দিকে ফিরছিলেন। পথে হঠাৎ একটি কাভার্ডভ্যানকে ট্রাকের ওপর উল্টে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারেন, কাভার্ডভ্যানটি এঁকেবেঁকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সামনের অংশের ওপর উল্টে পড়ে। এতে ট্রাকচালক নিহত হন।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা বলেন, সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত এবং তাঁর সহযোগী আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এসএ




