কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশিখালীতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ৮৪ দশমিক ৫ একর লবণ মাঠ প্রান্তিক চাষিদের মধ্যে লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৬৮টি প্লট বরাদ্দের জন্য এ লটারি অনুষ্ঠিত হয়। এতে প্রান্তিক লবণচাষীদের অংশগ্রহণে স্বচ্ছ প্রক্রিয়ায় প্লট বরাদ্দ দেওয়া হয়।
স্থানীয় প্রান্তিক লবণচাষী মো. আব্দুল করিম বলেন, বর্তমানে এক একর লবণ মাঠের লাগিয়ত নিতে প্রায় ৭০ হাজার টাকা ব্যয় করতে হয়। অন্যদিকে, বিসিকের কাছ থেকে তুলনামূলক কম মূল্যে লবণ মাঠ বরাদ্দ পাওয়া যায়। এ কারণে সীমিতসংখ্যক প্লটের বিপরীতে বিপুলসংখ্যক চাষি আবেদন করেছেন।
স্থানীয় বিসিক পরিদর্শক জাকের হোসেন জানান, বিভিন্ন জটিলতার কারণে গত দুই অর্থবছর বিসিকের ৮৪ দশমিক ৫ একর জমির ৬৮টি প্লট প্রান্তিক চাষিদের মধ্যে স্বল্পমূল্যে একসনা ভিত্তিতে বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি।
তিনি আরও জানান, চলতি বছর এসব প্লট বরাদ্দের জন্য আবেদন আহ্বান করা হয়। প্রতিটি প্লটের বিপরীতে পাঁচ হাজার টাকার ব্যাংক ড্রাফটসহ মোট ৪ হাজার ৭৬৪ জন চাষি আবেদন করেন। সোমবার প্রান্তিক চাষিদের উপস্থিতিতে লটারি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, কক্সবাজার বিসিকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জাফর ইকবাল ভূঁইয়া, লেমশিখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আজম খান, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের প্রশাসক ইদ্রিস খন্দকার খোকন, স্থানীয় সংবাদকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এসএ




