নগর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশের সব সিটি করপোরেশনের মধ্যে পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে প্রতিষ্ঠানটি। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) স্বীকৃতিতে পরিচ্ছন্ন নগরী হিসেবে রাজশাহীর সুনাম আরও এক ধাপ এগিয়ে গেল।
এ অর্জনের পুরস্কার নিজের কৃতিত্ব হিসেবে না দেখে নগরবাসী, পরিচ্ছন্নতাকর্মী এবং সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে দেখছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। দেশসেরা হওয়ার এ পুরস্কার তিনি নগরবাসী ও পরিচ্ছন্নতাকর্মীদের উৎসর্গ করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে রাজশাহীর হোটেল গ্র্যান্ড রিভারভিউতে আয়োজিত ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পাইলট অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ডস নাইট’ অনুষ্ঠানে রাসিককে এ পুরস্কার দেওয়া হয়। জাইকা ও এলজিইডির আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের হাতে পুরস্কার তুলে দেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
পাঁচটি ক্যাটাগরিতে রাসিকের স্বীকৃতিগুলো হলো: দায়িত্বশীল ব্যবস্থাপনায় অনুপ্রেরণা, পরিচ্ছন্ন পাড়া গঠনে অনুপ্রেরণা, সেবায় অনুপ্রেরণা, সামাজিক নিয়ম-শৃঙ্খলা প্রতিপালনে অনুপ্রেরণা এবং অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে অনুপ্রেরণা।
পুরস্কার গ্রহণের পর রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, নগরীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে নগরবাসীর আন্তরিক সহযোগিতা, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রম এবং সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার কারণেই এ স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। তাই এ পুরস্কার তিনি রাজশাহী মহানগরবাসী, সিটি করপোরেশনের সব পরিচ্ছন্নতাকর্মী, পরিচ্ছন্নতা বিভাগসহ সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি উৎসর্গ করছেন।
তিনি আরও বলেন, এ অর্জন আগামী দিনের কাজকে আরও গতিশীল ও অনুপ্রাণিত করবে। নগরীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও উন্নত করতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি মিস সাওরি কোজিমা, ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো এবং প্রকল্প পরিচালক এ.এস.এম. রাশেদুর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, এলজিইডি রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মোশারফ হোসেন, রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এ.জে.এম. মাসুদুর রহমানসহ রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন এবং কক্সবাজার পৌরসভার কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। বিভিন্ন কমিউনিটির প্রতিনিধি এবং এলজিইডি, জাইকা ও ইউডিসিজিপির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এনএ





