দিনাজপুর সদর উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের উলিপুর এলাকায় ঘাগড়া খালের ওপর নির্মিত সেতুর মাঝের পিলার ভেঙে যাওয়ায় চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সেতুটি। প্রায় এক বছর ধরে এ অবস্থায় থাকলেও এখনো শুরু হয়নি সংস্কার কিংবা পুনর্নির্মাণের কাজ। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি পারাপার হচ্ছেন আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ঘাগড়া খালের ওপর প্রায় ৪০ থেকে ৪৫ বছর আগে ৫০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করা হয়। দীর্ঘদিনের পুরোনো সেতুটির মাঝের পিলারটি প্রায় এক বছর আগে ভেঙে পড়ে। এতে সেতুর দুই পাশের অংশ ঝুলে রয়েছে। খালের প্রায় ৩০ ফুট ওপর অবস্থিত সেতুটির বর্তমান অবস্থা এতটাই নাজুক যে এর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল করলে যেকোনো সময় ধসে পড়তে পারে।
দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা নিজেদের উদ্যোগে সেতুর দুই পাশে বাঁশের বেড়া দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন। সতর্কসংকেত হিসেবে ঝুলিয়ে রেখেছেন লাল কাপড়। তবে পথচারীদের চলাচলের জন্য সরু পথ রাখা হয়েছে। এতে অটোরিকশা, ভ্যান, ট্রাক্টর, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
উলিপুর ও মাজাডাঙ্গা গ্রামের মানুষের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এই সেতু। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ এ পথে যাতায়াত করেন। সেতুর পূর্ব পাশে উলিপুর গ্রাম ও উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পশ্চিম পাশে মাজাডাঙ্গা গ্রাম অবস্থিত।
এলাকাটি পুনর্ভবা নদীর তীরবর্তী হওয়ায় আশপাশের কয়েকশ একর জমিতে আলু, ফুলকপি, বাঁধাকপি, মরিচসহ বিভিন্ন ধরনের সবজি চাষ হয়। এসব সবজি কিনতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাক ও মিনি ট্রাক নিয়ে পাইকাররা আসেন। কিন্তু সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে উৎপাদিত সবজি পরিবহন ও বিক্রিতে সমস্যায় পড়ছেন কৃষকরা। একই সঙ্গে জমিতে সার, জৈব সার ও অন্যান্য কৃষি উপকরণ নেওয়াও কঠিন হয়ে পড়েছে।
উলিপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘মাজাডাঙ্গা এলাকায় আমার এক একর জমি রয়েছে। এবার সেখানে আলু চাষের প্রস্তুতি নিচ্ছি। আগে ট্রাক বা ভ্যানে করে সার ও জৈব সার জমিতে নিতে পারতাম। কিন্তু সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন সেতুর এপারে সার রেখে কাঁধে করে ওপারে নিয়ে যেতে হচ্ছে। এতে শ্রমিক বেশি লাগছে, খরচও বাড়ছে।’
স্থানীয় মোটরসাইকেলচালক আরিফুল হক আলী বলেন, ‘মাজাডাঙ্গায় আমার বাড়ি। প্রতিদিন শহরে যাতায়াত করতে এই সেতু ব্যবহার করতে হয়। সেতুর অবস্থা এতটাই খারাপ যে মোটরসাইকেল নিয়ে পার হওয়ার সময় ভয় লাগে। সেতুতে উঠলেই মনে হয়, এই বুঝি ভেঙে নিচে পড়ে গেলাম।’
উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রায়হান কবির জানায়, তার বাড়ি মাজাডাঙ্গায়। প্রতিদিন এই সেতু দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। সেতুর মাঝের পিলার ভেঙে যাওয়ায় এটি দুলতে থাকে। ফলে সেতু পার হওয়ার সময় সব সময় ভয় কাজ করে।
স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন, ‘উলিপুর ও মাজাডাঙ্গা গ্রামের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম এই সেতু। গত এক বছর ধরে এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এলাকাবাসী নিজেরাই বাঁশের বেড়া দিয়ে যান চলাচল বন্ধ করেছেন এবং লাল কাপড় বেঁধে সতর্ক করেছেন। শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীসহ সবাইকে আতঙ্ক নিয়ে চলাচল করতে হচ্ছে।’
স্থানীয় কৃষক রেজাউল ইসলাম জানান, ঘাগড়া খালের ওপর কয়েক কিলোমিটারের মধ্যে তিনটি সেতু রয়েছে। এর মধ্যে উলিপুরের সেতুটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসক ও এলজিইডি কর্মকর্তাদের একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেতুর কারণে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় কৃষকদের উৎপাদিত সবজি বাজারে নেওয়া এবং কৃষি উপকরণ জমিতে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেককে বিকল্প পথে ঘুরে যাতায়াত করতে হচ্ছে।
এ বিষয়ে দিনাজপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান নির্বাহী প্রকৌশলী আলী হোসেন বলেন, ঘাগড়া খালের ওপর নির্মিত সেতুটি প্রায় ৪০ থেকে ৪৫ বছর আগে নির্মাণ করা হয়েছিল। বর্তমানে এটি চরমভাবে ক্ষতিগ্রস্ত। তিনি সদর উপজেলা এলজিইডি প্রকৌশলীকে সেতুটি সরেজমিন পরিদর্শন করে ছবি ও প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠিয়ে দ্রুত সংস্কার অথবা নতুন সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
এলাকাবাসীর দাবি, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই সেতুটির ঝুঁকি নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচলকারী হাজারো মানুষের জন্য সেতুটি বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে।
এসএ





