যশোর শহরের বেজপাড়া এলাকায় মাটি খুঁড়তে গিয়ে কোদালের কোপে বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের বেজপাড়ার বিহারি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। আহত শ্রমিকেরা হলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামের কাশেম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) ও মোহাম্মদ গাজীর ছেলে আকবর (৫৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা জানান, শুক্রবার সকালে বেজপাড়া বিহারি কলোনি এলাকায় বাদলের বাড়ির পেছনে স্তূপ করে রাখা মাটি খোঁড়ার কাজ করছিলেন শ্রমিকেরা। একপর্যায়ে কোদালের কোপ লাগলে সেখানে থাকা বোমার বিস্ফোরণ ঘটে এবং এতে দুই শ্রমিক আহত হন; পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিস্ফোরিত বোমার বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। অনেক আগে কেউ বোমাগুলো মাটির নিচে লুকিয়ে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে এবং এ ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
ডিআর





