পটুয়াখালীর কুয়াকাটায় সড়কের পাশে দীর্ঘদিন ধরে পার্কিং করে রাখা পর্যটকবাহী একটি পরিত্যক্ত জিপে (চান্দেরগাড়ি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১টার দিকে কুয়াকাটা চৌরাস্তার পূর্ব পাশে হোটেল আল-বেলালের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একসময় জিপটি দিয়ে পর্যটকদের কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানো হতো। তবে দীর্ঘদিন ধরে এটি সড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ জিপটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসেন। পরে তারা আগুন নেভানোর চেষ্টা করে নিয়ন্ত্রণে আনেন।
গাড়ির মালিক মো. ইমরান জানান, দীর্ঘদিন ধরে জিপটি ওই স্থানে পার্কিং করে রাখা ছিল। ঘটনার সময় তিনি বাড়িতে অবস্থান করছিলেন। হঠাৎ খবর পান, কে বা কারা তাঁর গাড়িতে আগুন দিয়েছে। দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন, স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করছেন।
তিনি বলেন, ‘এটি যদি দুর্ঘটনাবশত আগুন লাগার ঘটনা হতো, তাহলে অনেক আগেই এমন কিছু ঘটতে পারত। আমার ধারণা, কোনো দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে গাড়িটিতে আগুন দিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’
প্রত্যক্ষদর্শী মো. শাহীন গাজী বলেন, ‘আমরা কয়েকজন সৈকত এলাকায় আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ দেখি গাড়িটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করি।’
এ বিষয়ে বক্তব্য জানতে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম হাওলাদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনটি কেটে দেওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
তবে গাড়ির মালিক দুষ্কৃতকারীদের জড়িত থাকার সন্দেহ প্রকাশ করলেও আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্তের মাধ্যমে আগুন লাগার কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এসএ





