সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়, সেখান থেকে বন্ধুত্ব ও প্রেম। সেই প্রেমের টানেই হাজার মাইল পাড়ি দিয়ে মালয়েশিয়া থেকে যশোরের শার্শায় ছুটে এসেছেন নূর হায়াতি নামের এক তরুণী। অবশেষে দুই পরিবারের সম্মতিতে প্রেমিক সোহাগের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া গ্রামে সোহাগের বাড়িতে ধুমধাম করে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সোহাগ ওই গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
বিয়ের অনুষ্ঠানে সোহাগ ও নূর হায়াতিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। মালয়েশিয়া থেকে আসা নববধূকে একনজর দেখতে সোহাগের বাড়িতে ভিড় করেন উৎসুক এলাকাবাসী। নবদম্পতিকে ফুল ও উপহার দিয়ে অভিনন্দন জানান তাঁরা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার প্রয়োজনে দীর্ঘ ১৫ বছর মালয়েশিয়ায় অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে নূর হায়াতির সঙ্গে পরিচয় হয় সোহাগের। পরিচয় থেকে ধীরে ধীরে তাঁদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে সোহাগ বাংলাদেশে ফিরে এলেও তাঁদের সম্পর্ক অটুট থাকে। পরে প্রেমিককে জীবনসঙ্গী করতে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন নূর হায়াতি। এরপর দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, এই বিয়ে শুধু দুই মানুষের ভালোবাসার বন্ধন নয়; বরং দুই দেশের ভাষা, সংস্কৃতি ও পারিবারিক সম্পর্কের এক সুন্দর মেলবন্ধন।





