প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট আর্থিক ক্ষতি মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও প্যারামেট্রিক ইনস্যুরেন্স কার্যকর ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও গণমাধ্যমের ভূমিকা তুলে ধরতে সাংবাদিকদের অংশগ্রহণে ‘শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর দিলকুশায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও প্যারামেট্রিক ইনস্যুরেন্স’ শীর্ষক কর্মশালায় দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্প-১-এর দুর্যোগ ঝুঁকি অর্থায়ন কম্পোনেন্টের প্রকল্প পরিচালক কামরুল হক মারুফ। বিশেষ অতিথি ছিলেন ইনস্যুরেন্স রিপোর্টার্স ফোরামের সভাপতি গোলাম মাওলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের জনসংযোগবিষয়ক পরামর্শক সাদিক আরমান।
কর্মশালায় ‘বাংলাদেশের দুর্যোগ ঝুঁকি ও যমুনা রিভার সাসটেইনেবল ম্যানেজমেন্ট প্রকল্প-১: বাংলাদেশে ঝুঁকি অর্থায়ন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেআরএমপি-১-এর কম্পোনেন্ট-৩-এর ডিআরএফ স্পেশালিস্ট সুমন আহসানুল ইসলাম।
মূল প্রবন্ধে বাংলাদেশের দুর্যোগ ঝুঁকির ধরন, দুর্যোগের কারণে সৃষ্ট আর্থিক ক্ষতি, ঝুঁকি অর্থায়নের বিভিন্ন পদ্ধতি এবং যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় গৃহীত দুর্যোগ ঝুঁকি অর্থায়ন কার্যক্রম তুলে ধরা হয়। পাশাপাশি দুর্যোগ-পরবর্তী ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে দ্রুত ও কার্যকরভাবে আর্থিক সহায়তা পৌঁছে দিতে প্যারামেট্রিক ইনস্যুরেন্সের প্রয়োজনীয়তা, সম্ভাবনা ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
‘দুর্যোগ ঝুঁকি অর্থায়ন’ বিষয়ে আলোচনায় অংশ নেন দৈনিক যুগান্তরের বিজনেস এডিটর মো. মুনির হোসেন। তিনি দুর্যোগ ঝুঁকি অর্থায়ন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, এ ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্ব এবং সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় বীমাসংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় জানানো হয়, প্যারামেট্রিক ইনস্যুরেন্স প্রচলিত ক্ষয়ক্ষতি নিরূপণভিত্তিক বীমাব্যবস্থার চেয়ে ভিন্ন। এ পদ্ধতিতে বৃষ্টিপাতের পরিমাণ, বন্যার পানির উচ্চতা, বাতাসের গতিবেগ কিংবা ভূমিকম্পের মাত্রার মতো পূর্বনির্ধারিত সূচক নির্দিষ্ট সীমা অতিক্রম করলে চুক্তির শর্ত অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ তৈরি হয়। ফলে প্রচলিত বীমার মতো দীর্ঘ সময় ধরে ক্ষয়ক্ষতি নিরূপণের অপেক্ষা না করেই দ্রুত আর্থিক সহায়তা দেওয়া সম্ভব হতে পারে। দুর্যোগপ্রবণ বাংলাদেশে এ ধরনের বীমাব্যবস্থা ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর আর্থিক সুরক্ষা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বক্তারা দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও প্যারামেট্রিক ইনস্যুরেন্স কার্যকর করতে সরকারি সংস্থা, বীমাপ্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, গবেষক এবং গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় তথ্যভান্ডার তৈরি, দক্ষতা উন্নয়ন এবং উপযুক্ত নীতিগত কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। এ সময় তিনি কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সমাপনী অধিবেশনের আলোচনা ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন আইডিআরএর জনসংযোগবিষয়ক পরামর্শক সাদিক আরমান।
কর্মশালার আয়োজকেরা আশা প্রকাশ করেন, এতে অংশগ্রহণকারী সাংবাদিকেরা দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও প্যারামেট্রিক ইনস্যুরেন্সের প্রয়োজনীয়তা, সম্ভাবনা এবং বাস্তবায়নের চ্যালেঞ্জ সম্পর্কে অর্জিত ধারণা গণমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন।
এসএ




