চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে সাত শিক্ষার্থী এবং একজন অতিথিকে আটক ও শনাক্ত করেছে হল প্রশাসন ও প্রক্টরিয়াল টিম। শুক্রবার (২০ নভেম্বর) রাতে হলের সি ব্লকের ৬১২ নম্বর কক্ষে এ অভিযান চালানো হয়। এ সময় ওই কক্ষ থেকে গাঁজা, ইলেকট্রনিক সিগারেট ও বিয়ারের বোতল উদ্ধার করা হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে প্রক্টরিয়াল টিম ও হল প্রশাসন যৌথভাবে ৬১২ নম্বর কক্ষে অভিযান চালায়। তল্লাশিকালে কক্ষটি থেকে কাঁচা গাঁজা, ইলেকট্রনিক সিগারেট, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং খালি বিয়ারের বোতল জব্দ করা হয়।
অভিযানের পর কক্ষটি সিলগালা করা হয়। এ ছাড়া সি ব্লকের ১০৪ নম্বর কক্ষে তল্লাশি চালাতে গেলে দুজন হাউজ টিউটরকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে।
মাদক সেবনের ঘটনায় শনাক্ত হওয়া ৭ শিক্ষার্থী হলেন:
১. স্মিত রেমা (ফার্মেসি বিভাগ, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ)
২. শাফিউজ জামান অয়ন (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ)
৩. মিনহাজুল ইসলাম (ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ)
৪. শাওন খান (আধুনিক ভাষা ইনস্টিটিউট, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ)
৫. ইয়াজনূর সায়মুন (ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ)
৬. ফাহিম আহমেদ শাহিদ (সমাজতত্ত্ব বিভাগ, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ)
৭. মো. মাহাবুব রহমান (সমাজতত্ত্ব বিভাগ, ২০২২-২৩ শিক্ষাবর্ষ)
এ ছাড়া কামরুল ইসলাম নামে এক বহিরাগত অতিথিকে এ সময় তাদের সাথে পাওয়া যায়।
সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন জানান, গান-বাজনার কথা বলে তারা কক্ষে মাদক সেবন করছিলেন। ঘটনার সত্যতা পেয়ে কক্ষটি সিলগালা করা হয়েছে। হলের আবাসিক আসন বাতিলের সিদ্ধান্ত হল প্রশাসন এবং একাডেমিক শাস্তির সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করবে।




