ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) রিডার্স ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে। তবে তাঁকে অতিথি করার প্রতিবাদে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ এবং মানবকণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর শেষ পর্যন্ত তাঁকে বাদ দিয়েই অনুষ্ঠান আয়োজন করতে বাধ্য হন আয়োজকেরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রতিক্রিয়া জানান জাতীয় ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাবের বিন নুর।
পোস্টে জাবের বিন নুর দাবি করেন, অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা জুলাই গণঅভ্যুত্থানকে ‘স্ক্যাম’ হিসেবে অভিহিত করেছেন এবং প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে মতামত দিয়ে আসছেন। এমন একজন ব্যক্তিকে নিজেদের ক্যাম্পাসের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোয় শিক্ষার্থীরা তীব্র প্রতিবাদ জানান বলে উল্লেখ করেন তিনি।
জাবের বিন নুর তাঁর পোস্টে আরও লেখেন, জুলাই গণঅভ্যুত্থানে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রক্ত, ঘাম ও জীবন দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। আন্দোলনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যখন চারদিক থেকে অবরুদ্ধ হয়ে পড়েছিল, তখন জীবনের ঝুঁকি নিয়ে সহযোদ্ধাদের রক্ষায় এগিয়ে এসেছিলেন ড্যাফোডিলের শিক্ষার্থীরা।
তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনার প্রতি ড্যাফোডিলসহ দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অঙ্গীকার এখনো অটুট রয়েছে এবং জুলাইবিরোধী অবস্থানের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ক্যাম্পাসে জায়গা দেওয়া হবে না। পোস্টের শেষাংশে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদকারী শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে তাঁদের অভিনন্দন জানান এই ছাত্রনেতা।
ডিআর




