চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজয়-২৪ হলের একটি কক্ষে এক নারী শিক্ষার্থীকে আটকে রেখে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে একই হলের তিন সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনার পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী শিক্ষার্থীকে তাঁর রুমমেটরা উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে (চবি মেডিকেল) নিয়ে যান।
অভিযুক্ত তিন শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের মোনালিসা মিতা নূর, পদার্থবিজ্ঞান বিভাগের তাহরিমা আক্তার ওমি এবং হিসাববিজ্ঞান বিভাগের সামিয়া; তাঁরা সবাই ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে, ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
অভিযোগ অনুযায়ী, বিজয়-২৪ হলের একটি কক্ষে দরজা বন্ধ করে ভুক্তভোগী শিক্ষার্থীকে আটকে রাখা হয় এবং তাঁর সঙ্গে র্যাগিং করা হয়। ঘটনার বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী শিক্ষার্থী জানান, রাত আনুমানিক ১০টার দিকে মিতা নূর তাঁকে রুম থেকে ডেকে নিয়ে যান। তাঁর মাকড়সার ফোবিয়া (ভীতি) আছে জেনেও অভিযুক্তরা তাঁকে রুমে নিয়ে দরজা লাগিয়ে দেন, যেখানে তাহরিমা ও সামিয়া আগে থেকেই অপেক্ষা করছিলেন। এরপর তাঁরা ভুক্তভোগীর সামনে আগে থেকে আটকে রাখা একটি বড় মাকড়সা ছেড়ে দিলে তিনি ভয়ে চিৎকার ও কান্নাকাটি শুরু করেন, আর অভিযুক্তরা তা নিয়ে হাসিঠাট্টা ও টিটকারিমূলক কথা বলতে থাকেন।
ভুক্তভোগী আরও জানান, কিছুক্ষণ পর তিনি সবাইকে পাশ কাটিয়ে রুম থেকে বের হয়ে যান এবং এরপর মারাত্মক অসুস্থ হয়ে চারবার বমি করেন। রাতেই শারীরিক অবস্থার অবনতি হলে রুমমেটরা তাঁকে চবি মেডিকেলে নিয়ে যান এবং চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ওষুধ দেন। বর্তমানে চিকিৎসাধীন ও মানসিকভাবে ভেঙে পড়া ওই শিক্ষার্থী অভিযোগ করেন, ঘটনার পর অভিযুক্তরা “মরে গেলেই ভালো হতো” ধরনের কথা বলে বেড়াচ্ছেন; ফলে তিনি হলে নিজেকে নিরাপদ মনে করছেন না এবং তাঁরা হলে থাকলে নিরাপত্তার স্বার্থে হল ছেড়ে চলে যেতে বাধ্য হতে পারেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোনালিসা মিতা নূর গণমাধ্যমকে বলেন, তাঁরা প্রক্টরের সঙ্গে কথা বলেছেন এবং ভুক্তভোগী ভয় পান জেনেই কেবল মজা বা ‘প্রাংক’ করেছিলেন। আরেক অভিযুক্ত তাহরিমা আক্তার ওমি জানান, তাঁরা একটু মজা করেছিলেন এবং পরে ভুক্তভোগীর খারাপ অবস্থা দেখে সান্ত্বনাও দিয়েছেন; তবে বিষয়টি এত দূর গড়াবে তা তাঁরা ধারণা করেননি এবং প্রক্টরের মাধ্যমে বিষয়টি সমাধানের দিকে যাচ্ছে।
এ বিষয়ে বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. ফিরোজা আক্তার খানম জানান, বিষয়টি সমাধানের জন্য তিনি দুই পক্ষকেই ডেকেছেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বলেন, যাঁদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে তাঁদের ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডিআর




